৬০ দিনের সমঝোতার লক্ষ্যে ওয়াশিংটন-তেহরান

আপডেট : ২২ জুন ২০২৬, ১১:২৮ এএম

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনার প্রথম দিনেই উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে। পাশাপাশি লেবাননে সামরিক উত্তেজনা নিরসনে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

সোমবার (২২ জুন) সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হওয়ার পর কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, কাতারের মালিকানাধীন সুইস পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। 

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের সংঘাত বন্ধে একটি কার্যকর প্রক্রিয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সমঝোতা হয়েছে।

আলোচনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দেশটি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিতে ছাড়, জব্দকৃত কিছু সম্পদ মুক্তি এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা শুরুর বিষয়ে অগ্রগতি অর্জন করেছে।

বৈঠক শুরুর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি প্রতিনিধিদের সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি আবার বন্ধ করার চেষ্টা করলে ‘ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে’। একই সঙ্গে তিনি প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানে টোল আরোপের সম্ভাবনার কথাও পুনর্ব্যক্ত করেন।

আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ভিন্নধর্মী তথ্য দিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ট্রাম্পের হুমকির খবর প্রকাশের পর ইরানি প্রতিনিধিরা আলোচনার কক্ষে ফিরে যেতে অস্বীকৃতি জানান। যদিও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় বার্তা আদান-প্রদান অব্যাহত ছিল।

তাসনিমের সূত্রের দাবি, পারমাণবিক ইস্যুতে আলোচনায় অগ্রসর হওয়ার আগে ইরান চেয়েছিল সমঝোতা স্মারকের অন্যান্য অংশ বাস্তবায়ন হোক, যার মধ্যে রয়েছে জব্দ সম্পদ মুক্ত করা এবং ইরানি তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া।

অন্যদিকে আলোচনায় যুক্ত এক মার্কিন কূটনীতিক রয়টার্সকে বলেন, 'ইরানি প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেননি। তারা গভীর রাত পর্যন্ত আলোচনায় অংশ নিয়েছেন। হরমুজ প্রণালি, লেবানন, পারমাণবিক ইস্যু এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।' 

মার্কিন কর্মকর্তাদের মতে, উচ্চপর্যায়ের বৈঠক সোমবার শেষ হওয়ার কথা থাকলেও কারিগরি পর্যায়ের আলোচনা আরও চলবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত