নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর মারজিয়া (দেড় বছর) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।
নিহত শিশুর পিতা-মাতা জানান, গত ২০ জুন বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার হতাশ হয়ে পড়ে। পরে ২২ জুন সকাল ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত শিশুর পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।