কলম্বিয়ার নির্বাচনে ট্রাম্প-সমর্থিত প্রার্থীর জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ডানপন্থি প্রার্থী অ্যাবেলার্দো ডে লা এস্পেরিয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। এ ফলাফলের মধ্য দিয়ে দেশটিতে ডানপন্থি রাজনীতির দিকে বড় ধরনের পরিবর্তন ঘটল বলে বিশ্লেষকরা মনে করছেন। 

রবিবার (২১ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে ৯৯ শতাংশের বেশি ব্যালট গণনার পর দেখা যায়, ডে লা এস্পেরিয়া পেয়েছেন ৪৯.৬৫ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি সিনেটর ইভান সিপিডা পেয়েছেন ৪৮.৭০ শতাংশ ভোট।
 
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজধানী বোগোটায় ডানপন্থি প্রার্থীর সমর্থকেরা রাস্তায় নেমে বিজয় উদযাপন শুরু করেন।
 
বিজয়ের পর ডে লা এস্পেরিয়া দাবি করেন, ট্রাম্প তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং সমর্থন ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আমি কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বিজয়কে স্বীকৃতি দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন।'

৪৭ বছর বয়সী এই আইনজীবীর এই জয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দেশটিতে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে।

নির্বাচনী প্রচারণায় ডে লা এস্পেরিয়া ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধ করবেন এবং মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালাবেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় ৯০ দিনের বিমান অভিযান চালানো হবে এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি পুনর্গঠন করা হবে।

তার এই বিজয়কে বিশ্লেষকরা লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থি রাজনৈতিক ধারার বিস্তারের অংশ হিসেবে দেখছেন।