‘ঝরা বকুল’-এ সুবাস ছড়াচ্ছেন সুনেরাহ

নতুন নাটক ‘ঝরা বকুল’-এর মাধ্যমে সুবাস ছড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটকটি দর্শকের মাঝে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে বিশেষভাবে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র। 

গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার। এমনকি মা-ও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে- এই শঙ্কা কাজ করে। আর কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এই দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প। 

নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র। কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানিনা মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়।’ 

অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে।