জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ইন্ড্রাসট্রিয়াল ডিজাইনস এ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিপিডিটি-এর পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-গবেষকগণ ডিপিডিপি-এর সঙ্গে যৌথ গবেষণা, গবেষণার স্বত্ব সংরক্ষণ, গবেষণাপত্র ও ফলাফল প্রচার ইত্যাদি ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।