ভারতে কোচিং সেন্টারে আগুন, শিক্ষার্থীসহ নিহত ১৫

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার বহুতল ভবনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে বেশ কয়েকজন আটকা পড়েন এবং প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করে। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিন তলাবিশিষ্ট ওই ভবনটির ওপরের তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি অ্যানিমেশন কোচিং সেন্টার ছাড়াও পোষা প্রাণীর দোকানসহ অন্যান্য দোকানপাট ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ভবনের একটি ভাঙা জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি বেড়ার ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি এনডিআরএফ (NDRF) টিম উদ্ধারকাজে অংশ নেয়। পরে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, আগুন হঠাৎ করেই লেগেছিল। শিশুরা এখানে অ্যানিমেশন শিখতে আসত। আগুন ঠিক কীভাবে লেগেছে সে বিষয়ে আমি এখনও কোনো তথ্য পাইনি। আহতদের কেজিএমসি (KGMC) ট্রমা সেন্টারে পাঠানো হচ্ছে। তাদের বয়স ছিল প্রায় ১৬-১৭ বছর। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।