ভারতের আদালত চত্বরে আসামির হাত বিচ্ছিন্ন, চলল গুলি

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

ভারতের মহারাষ্ট্রের পুনেতে আদালত চত্বরে এক খুনের আসামির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আইনি প্রক্রিয়ায় অংশ নিতে আদালতে গেলে মান্দার মারুতি কিওয়ালে (৩৫) নামের ওই ব্যক্তির ওপর হামলা চালায় দুই দুর্বৃত্ত। হামলায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি’র। 

পুনের শিবাজিনগর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কিওয়ালেকে বারবার কোপাচ্ছেন। পরে হামলাকারীরা দুটি স্কুটারে করে পালিয়ে যান। এ সময় রক্তাক্ত অবস্থায় কিওয়ালেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়।

ঘটনার পর ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাকে আদালত চত্বরের পাশের ফুটপাতে পড়ে থাকতে দেখা যায়। সেখানে তাঁর একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ঘটনাটি দেখতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিলে পুনের সন্তোষনগর-কাত্রজ এলাকায় ২৬ বছর বয়সী রেস্তোরাঁমালিক শুভম সুভাষ চ্যবনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন কিওয়ালে।

জমি ও আর্থিক বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ অনুযায়ী, কিওয়ালে ও তার সহযোগীরা ক্রিকেট খেলার স্টাম্প এবং বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে চ্যবনকে হত্যা করেন।

এ ঘটনায় কিওয়ালেকে মূল অভিযুক্ত অমর সাকোরে এবং তার সহযোগী গিরিশ সুভাষ বাবারে ও যোগেশ বাবুরাও দোরের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। চার দিন আগে কারাগার থেকে মুক্তি পান কিওয়ালে। এরপর আইনি কার্যক্রমে অংশ নিতে আদালতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের ধরতে নির্দেশ উপমুখ্যমন্ত্রীর

এ ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার পুনের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি হামলার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।

একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত