ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। তাদের কেউ আটক হয়েছেন, কাউকে বাংলাদেশে পুশইন করা হয়েছে, আবার কাউকে নাগরিকত্বের প্রমাণ দিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাঁদের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র রয়েছে। এমনকি তাঁদের বাবা-মা ও ভাইবোনদের নামও ভোটার তালিকায় বহাল রয়েছে। খবর রয়টার্সের।
রয়টার্সের অনুসন্ধানে এমন ১০টি পরিবারের ঘটনা উঠে এসেছে। এতে দেখা গেছে, ভারতে ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নাগরিক—এমন প্রমাণ নয়।
ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা সংশোধন অভিযানে দেশজুড়ে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলমানেরা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের প্রতি বৈষম্য ও বঞ্চনা বেড়েছে।
এ উদ্যোগের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকা পুনর্গঠনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে দলটি।
পশ্চিমবঙ্গে সবচেয়ে ব্যাপকভাবে এ অভিযান চালানো হয়েছে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটিতে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ে। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, নিবিড় যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যের জনসংখ্যার ২৭ শতাংশ মুসলমান। নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি।
সাবির ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনঅসন্তোষ থাকলেও নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা বড় ভূমিকা রেখেছে।
গত ৫ নভেম্বর হরিয়ানার এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধনের সঙ্গে অবৈধ অভিবাসী বহিষ্কারের বিষয়টি সরাসরি যুক্ত করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর একে একে খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করাই বিজেপির লক্ষ্য।
পশ্চিমবঙ্গে মূলত বাংলাভাষী মুসলমানদের ঘিরে এ অভিযান নতুন করে নাগরিকত্ব ও অভিবাসন বিতর্ক উসকে দিয়েছে। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যাতায়াত করায় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে বহু পরিবারের শিকড় দুই পাশেই বিস্তৃত।
রয়টার্সের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বাসিন্দা ফকির নামের এক নারীর ঘটনাও উঠে এসেছে। তাঁর দাবি, রাত ১টার দিকে সীমান্তের একটি জনমানবহীন ও অরক্ষিত অংশ দিয়ে তাঁকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। কাদামাখা অবস্থায় কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখে আশ্রয় দেন।
তবে মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, ফকিরকে আসাম সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে মোট ১৪৯ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল।