স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

রংপুরে তিন ক্লিনিককে ৪ লাখ টাকা জরিমানা

রংপুর নগরীর ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। সোমবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটনের নেতৃত্বে নগরীর ধাপ, চেকপোস্ট এলাকায় অভিযানে অংশ নেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক।

অভিযানে নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ল্যাবএইড ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ১ লক্ষ টাকা, মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ ব্যবহার করার অভিযোগে ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে ২ লক্ষ টাকা, আমার দেশ হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানাসহ বেশ কিছু হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারী হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি হাসপাতালে লাইসেন্স না থাকাসহ নানা অসংগতি পাওয়া যায়। তার ভিত্তিতে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুরের গণমাধ্যম, সচেতন নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেবা নিশ্চিতে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেয়া হবে।