গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:২০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ও অপতৎপরতা রুখতে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার ২২ জুন থেকে আগামী ৩০ জুন পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 

সেনাবাহিনীর সদস্যরা গোপালগঞ্জের ঘোনাপাড়ায় 'গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ' এ অবস্থান করছে বলে জানা গেছে। 

এদিকে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে অপ্রীতিকর  ঘটনা ঘটাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত