বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে কলম্বিয়া। ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেলে পরের পর্বের জায়গা নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকার দলটির। তবে পর্তুগালের বিপক্ষে চমক দেখানো ডিআর কঙ্গো আরেকটি অঘটনের স্বপ্ন দেখছে। বিশ্বকাপের ইতিহাসে এটিই দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। মেক্সিকোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায়।
বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারায় নেস্তর লরেঞ্জোর দল। তবে স্কোরলাইন যতটা স্বস্তিদায়ক, লড়াই ততটাও একপেশে ছিল না। প্রথমার্ধে আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান একাধিকবার কলম্বিয়ার রক্ষণকে চাপে ফেলে। এ কারণে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচেও চ্যালেঞ্জের আশঙ্কা করছেন লরেঞ্জো, ‘কঙ্গো মূলত ট্রানজিশনভিত্তিক ফুটবল খেলে। তারা লম্বা পাসে পারদর্শী এবং দ্রুত পাল্টা আক্রমণে যায়। আমাদের জন্য এটি খুবই কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।’
এই ম্যাচে জয় পেলে কলম্বিয়া টানা তৃতীয় বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নেবে। দলটির সবচেয়ে বড় ভরসার নাম লুইস দিয়াজ। উজবেকিস্তানের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা নির্বাচিত হন বায়ার্ন মিউনিখের এই তারকা ফরোয়ার্ড। তার গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার সামর্থ্য কঙ্গোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে কলম্বিয়ার সাফল্যের জন্য অধিনায়ক হেমস রদ্রিগেসের পারফর্ম করাও বেশ গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ছন্দে ছিলেন না অভিজ্ঞ এই মিডফিল্ডার।
যদিও দলগতভাবে বর্তমান ফর্ম কলম্বিয়ার পক্ষে। বিশ্বকাপ শুরুর আগে-পরে মিলিয়ে শেষ ১৪ ম্যাচে ৮টি জয় ও ৪টি ড্র করেছে দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের গ্রুপ পর্বেও শেষ সাত ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে তারা। তবে ডিআর কঙ্গোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপে অংশ নেওয়ার পর দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের আসরে ফিরেছে আফ্রিকার দেশটি। প্রত্যাবর্তনের ম্যাচেই তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে তাক লাগিয়ে দেয়।
এই ম্যাচে ইতিহাস গড়েন ইওয়ানে উইসা। তার করা গোলটি ছিল ডিআর কঙ্গোর বিশ্বকাপ-ইতিহাসের প্রথম গোল। ১৯৭৪ সালে তিনটি ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেনি জায়ার। পারফরম্যান্সের দিক দিয়েও প্রশংসা কুড়িয়েছে সেবাস্তিয়ান দেসাব্রের দল। কলম্বিয়ার বিপক্ষেও একই কৌশলে দেখা যেতে পারে ডিআর কঙ্গোকে। এবারের বিশ্বকাপে আরেকটি অঘটনের অপেক্ষায় আছে দলটি।