মদ্রিচদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫১ এএম

মাত্র একটি করে ম্যাচ হলেও বিশ্বকাপের ‘এল’ গ্রুপের সমীকরণ বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড, পানামাকে হারিয়েছে ঘানা। পূর্ণ ৩ পয়েন্ট করে পেয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড ও ঘানা। পয়েন্ট হারিয়ে তলানিতে অবস্থান পানামা ও ক্রোয়েশিয়ার। পরের পর্বের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মুখোমুখি এই দুই দল পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায়।

প্রথম ম্যাচে ঘানার কাছে ১-০ গোলে হারা পানামা এখনো বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের অপেক্ষায় আছে। সর্বশেষ ম্যাচে দীর্ঘ সময় আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি দলটি। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়িরেঙ্কইয়ের গোলে হৃদয় ভাঙে থমাস ক্রিস্টিয়ানসেনের দলের সদস্যদের।

২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া পানামা সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ৪৮ দলের এবারের বিশ্বকাপে তারা জায়গা নিশ্চিত করে বাছাইপর্বের শেষ ম্যাচে। বর্তমান ফর্মও খুব একটা ইতিবাচক নয়। ফিফা র‌্যাংকিংয়ে ৩৪তম স্থানে থাকা দলটি শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে। টানা আট ম্যাচে কোনো ক্লিন শিটও রাখতে পারেনি।

অন্যদিকে, ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয় ক্রোয়েশিয়া। ম্যাচে দুইবার সমতায় ফিরেও শেষ পর্যন্ত ইংলিশ আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে পারেনি লুকা মদ্রিচরা। হারের পর কোচ কোচ জøাতকো দালিচ জানান, তাদের পানামার বিপক্ষে ম্যাচে আর ভুল করার সুযোগ নেই। বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতায় অবশ্য অনেক এগিয়ে ক্রোয়েশিয়া। দুই দলের মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি লড়াই। পরিসংখ্যানও ক্রোয়েশিয়ার পক্ষে। কনকাকাফ অঞ্চলের দলগুলোর বিপক্ষে তারা ৯ ম্যাচের মধ্যে ৭টি জিতেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত