পর্তুগালের লক্ষ্য বিশ্ব জয় : ভিতিনহা

প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে ক্যারিয়ারসেরা সময় পার করছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এবার তার চোখ ২০২৬ বিশ্বকাপ মঞ্চে। এক সাক্ষাৎকারে ভিতিনহা জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা অত্যন্ত গৌরবের এবং পুরো পর্তুগাল দলের এখন একটাই লক্ষ্যÑ দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেওয়া।

সম্প্রতি পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে যখন ফুটবলবিশ্বে তুমুল বিতর্ক চলছে, তখন অধিনায়কের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করলেন ২৫ বছর বয়সী এ মিডফিল্ডার। ভিতিনহা বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের সান্নিধ্যে থাকাটা আমার জন্য দারুণ এক সুযোগ। আর যখন পাশে থাকেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, তখন সেটি নিশ্চিতভাবেই এক বিশাল প্রিভিলেজ (ভাগ্য)। আমরা সবাই মিলে এবার পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতাতে চাই।’

ভিতিনহা উল্লেখ করেন, এ বিশ্বকাপ জয়ের স্বপ্ন কেবল কোনো ব্যক্তিগত রেকর্ড বা খেলাধুলার মাঝে সীমাবদ্ধ নয়; এটি জড়িয়ে আছে পুরো দেশের আবেগ ও বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা শুধু ক্রিশ্চিয়ানোর জন্য নয়, বরং আমাদের পুরো দেশ, একটা আস্ত জাতি এবং আমাদের এই অসাধারণ দলটার জন্য ইতিহাস গড়তে চাই।’ অতীতের ব্যর্থতা নিয়ে না ভেবে দল এখন কেবল নিজেদের পারফরম্যান্সের ওপর নিয়ন্ত্রণ রাখতে মনোযোগ দিচ্ছে বলে তিনি জানান।