চিঠিতে শান্তির বার্তা ইরানের

বিশ্বকাপের গ্রুপপর্বে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লস অ্যাঞ্জেলেসে স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। প্রতিকূল পরিস্থিতি এবং একের পর এক বিতর্কের মাঝেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলে ‘মর্যাদা ও সম্মান’ নিয়ে শহরটি ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। চিঠিতে বিশ্বজুড়ে ‘শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব’ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ইরানের ফুটবলাররা ড্রেসিংরুমে ইংরেজিতে একটি চিঠি রেখে যান। যেখানে লেখা ছিলÑ ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে শুরু করে আজকের সভ্য ইরানÑ ইরানের আত্মা সর্বদা জীবিত ও অবিচল। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, লড়াই করেছি সম্মানের সঙ্গে এবং বিদায় নিচ্ছি মর্যাদা নিয়ে।’

‘লস অ্যাঞ্জেলেসেÑ তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সব ইরানিকে, যারা এই ১৮০ মিনিটে ইরানের জন্য নিজেদের হৃদয়, কণ্ঠ ও আত্মা উজাড় করে দিয়েছেন। বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা ও বন্ধুত্ব বিরাজ করুক।’

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে শহরেই যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি ইরানি প্রবাসী বসবাস করেন, যা মাঠে তাদের বড় অনুপ্রেরণা জুগিয়েছে। এই আবেগঘন বার্তার নেপথ্যে রয়েছে ইরান দলের গত কয়েক দিনের চরম অশান্তিও ক্ষোভ। মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেসক্যাম্প করা ইরান দলকে টুর্নামেন্ট চলাকালে  যাতায়াত নিয়ে কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে।