দুদক পুনর্গঠনে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশে^র মোনেম এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি  আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (৪)-এর বিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে মোট ছয়জন প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। রাষ্ট্রপতি সেখান থেকে একজনকে চেয়ারম্যান ও দুজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন।