মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় বস্তাবন্দি মহাবিপন্ন হলুদ একটি পাহাড়ি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দি কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। চালক সেখানকার একটি দোকান থেকে খাবার খেয়ে অটোরিকশায় ওঠার সময় সামনের সিটের পাশে বস্তাবন্দি অবস্থায় কচ্ছপটি দেখতে পান। এরপর স্থানীয়রা বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তাকে খবর দেন। পরে তারা এসে হলুদ পাহাড়ি কচ্ছপটি উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ কচ্ছপ মনে করেছিলাম। পরে বন বিভাগের লোকজনদের মাধ্যমে জানতে পারি, এটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ। এরপর আমরা সেটিকে বন বিভাগের হাতে তুলে দিয়েছি।