উন্মুক্ত হচ্ছে সরকারের তথ্য বিশ্লেষণাগার

গবেষণা, নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় সরকারি পরিসংখ্যানের ব্যবহার আরও কার্যকর করতে নিরাপদ মাইক্রোডেটা বিশ্লেষণাগার (মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব) চালু করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই উদ্যোগের ফলে অনুমোদিত গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা বিবিএসের গোপনীয়তা-সুরক্ষিত মাইক্রোডেটা ব্যবহার করে গভীরতর গবেষণার সুযোগ পাবেন। তবে কোনো অবস্থাতেই ব্যক্তি-পর্যায়ের তথ্য বিশ্লেষণাগারের বাইরে নেওয়া যাবে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, গোপনীয়তা সুরক্ষা ও অনুমোদন প্রক্রিয়ার আওতায় পরিচালিত হবে এই কার্যক্রম।

গতকাল সোমবার রাজধানীর পরিকল্পনা কমিশনের একনেক সম্মেলন কক্ষে বিবিএসের নবপ্রতিষ্ঠিত মাইক্রোডেটা বিশ্লেষণাগার বিষয়ে আয়োজিত অংশীজন সচেতনতামূলক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (কোইকা) সহায়তায় ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিসটিকস সার্ভিস বেইজড অন প্ল্যাটফর্ম (সিবিএসএসপি)’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সরকারি বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম, বিবিএসের পরিসংখ্যান বিভাগের সচিব মো. ফিরোজ সরকার ও কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, প্রাথমিকভাবে বিবিএস সদর দপ্তরে নিরাপদ অন-সাইট বিশ্লেষণাগারের মাধ্যমে সেবা দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে তথ্যভা-ার ও মাইক্রোডেটা সেবা সম্প্রসারণ করে নিয়ন্ত্রিত ডিজিটাল প্রবেশাধিকার চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সাল এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে আরও বিস্তৃত অনলাইন মাইক্রোডেটা সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বিবিএস। কর্মশালায় বলা হয়, সরকারি পরিসংখ্যানকে শুধু প্রতিবেদন বা প্রকাশিত সারণির মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, অর্থনৈতিক বিশ্লেষণ, নীতিনির্ধারণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট আলোচনায় আরও কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

বিবিএস জানায়, বিভিন্ন শুমারি, জরিপ ও পরিসংখ্যান কার্যক্রমের মাধ্যমে দেশে বিপুল পরিমাণ সরকারি তথ্য উৎপাদিত হলেও গবেষকদের জন্য সেসব তথ্যের গভীর বিশ্লেষণের সুযোগ সবসময় সহজলভ্য ছিল না। বিশেষ করে ব্যক্তি-পর্যায়ের তথ্য ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তথ্য ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল। নতুন মাইক্রোডেটা বিশ্লেষণাগার সেই সীমাবদ্ধতা দূর করবে।

বিবিএসের মতে, এ উদ্যোগ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা। ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল তথ্যভা-ার তৈরি করা হয়েছে। সেখানে ডেটাসেটের তালিকা, বিষয়ভিত্তিক অনুসন্ধান, বছরের ভিত্তিতে বাছাই, মেটাডেটা এবং বিভিন্ন তথ্য বিন্যাসে প্রয়োজনীয় নথি পাওয়া যাবে। ফলে গবেষকরা গবেষণা শুরুর আগেই প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ধারণা নিতে এবং উপযুক্ত ডেটাসেট নির্বাচন করতে পারবেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকারি বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে যে প্রশ্ন ও সংশয় রয়েছে, তা দূর করতে সরকার তথ্য সংগ্রহ ও প্রকাশ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে চায়।