ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বয়ড়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন কামরুজ্জামান। পথে বয়ড়াতলা এলাকায় পৌঁছালে মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ও আরও একজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।