হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু, মেডিকেল শিক্ষার্থী আটক

রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিন (২৫) নামে এক মেডিকেল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি। আটক সাকিন রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী । এর আগে দুপুরে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, আটক শাহরিয়ার আহমেদ সাকিন নিহত নুজসাতের প্রাইভেট শিক্ষক ছিলেন। নিহত নুজসাতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাকিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে আটক সাকিন সাংবাদিকদের জানান, নুজসাতকে তিনমাস প্রাইভেট পড়িয়েছেন তিনি। এসময় নুজসাত তাকে পছন্দ করার বিষয়টি জানায় এবং হোয়াটসআ্যাপে নক করে। পছন্দের বিষয়টি জানার পরপরই নুজসাতকে আর পড়াতে যাননি এবং কথা বলা বন্ধ করে দেন। নুজসাত যখন আত্মহত্যা করেন তখন সাকিন অন্যস্থানে প্রাইভেট পরাচ্ছিলেন বলেও জানান তিনি। 

এর আগে গতকাল সোমবার (২২ জুন) নুজসাত বিকেল ৪ টা ৫৪ মিনিটে হোটেলের ৯ম তলা ভবনের ছাদে ওঠে। এরপর সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে। ছাদের এক কোনে অবস্থানের এক পর্যায়ে নুজসাত ৫ টা ৪২ মিনিটে বসা থেকে হঠাৎ করে সরাসরি ছাদের র‌্যালিংয়ের উপর ওঠে বসে। এরপর পা ঝোলানো অবস্থায় বসা থেকে উল্টোভাবে নিচে পরে যায়। ঘটনার পরপরই লোকজন জড়ো হয়। হোটেলটি মহানগর গোয়েন্দা পুলিশ ভবনের সামনে হওয়ায় পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। পরে সিআইডি ও পিআইবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইম সিন করে এলাকাটি। 

নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। আসন্ন এইচএসসি পরিক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।