মানুষ পৃথিবীতে আসে সীমিত সময়ের জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনকে আমরা এত গুরুত্ব দিই, যার জন্য দিনরাত পরিশ্রম করি, সুখ-স্বাচ্ছন্দ্য ও সম্মান-প্রতিপত্তির পেছনে ছুটি, সেই জীবন সম্পর্কে কোরআন আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। দুনিয়ার জীবনকে প্রতারণার সমগ্রী আখ্যায়িত করে আমাদের সতর্ক করা হয়েছে।
মহান আল্লাহ বলেন, ‘তোমরা জেনে রাখো, দুনিয়ার জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহঙ্কার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদের আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। আর আখেরাতে আছে কঠিন আজাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।’ (সুরা হাদিদ ২০)
এই আয়াতে মহান আল্লাহ দুনিয়ার প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিকতার প্রতিযোগিতা মাত্র। মানুষ ছোট থেকেই এই বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকে। কেউ খেলাধুলায় মগ্ন, কেউ বিনোদনে, কেউ সৌন্দর্যচর্চায়, কেউ সম্পদ ও ক্ষমতার গর্বে, আবার কেউ অন্যদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায়। কিন্তু এসবের স্থায়িত্ব খুবই সামান্য।
মহান আল্লাহ দুনিয়ার জীবনের একটি চমৎকার উপমা দিয়েছেন। বৃষ্টি হলে জমিনে সবুজ ফসল জন্মায়। কৃষক সেই ফসল দেখে আনন্দিত হয়। মনে হয়, এ সৌন্দর্য ও সতেজতা যেন চিরকাল থাকবে। কিন্তু কিছুদিন পর সেই সবুজ ফসল হলুদ হয়ে যায়, শুকিয়ে যায় এবং একসময় খড়কুটায় পরিণত হয়। দুনিয়ার জীবনও ঠিক তেমন। যৌবনের শক্তি, সম্পদের প্রাচুর্য, ক্ষমতার দম্ভ, সৌন্দর্যের মোহ সবই একদিন মøান হয়ে যায়। যে মানুষ একসময় নিজের প্রভাব-প্রতিপত্তি নিয়ে গর্ব করত, সেও একদিন মাটির নিচে চলে যায়। তার ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, পদ-মর্যাদা কিছুই সঙ্গে যায় না।
দুনিয়াকে প্রতারণার সামগ্রী বলা হয়েছে, কারণ এটি মানুষের সামনে এমন এক মোহময় আবরণ সৃষ্টি করে, যা তাকে প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ মনে করে, দুনিয়ার অর্জনই সফলতা, অথচ প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে মুক্তি লাভ করা। অনেক মানুষ দুনিয়ার চাকচিক্যে এতটাই মগ্ন হয়ে পড়ে যে, মৃত্যু, হিসাব-নিকাশ এবং পরকালের কথা ভুলে যায়। তখন দুনিয়া তার জন্য প্রতারণার ফাঁদে পরিণত হয়।
তবে ইসলাম দুনিয়াকে সম্পূর্ণ পরিত্যাগ করার শিক্ষা দেয় না। বরং দুনিয়াকে আখেরাতের শস্যক্ষেত্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দেয়। একজন মুমিন দুনিয়ায় বসবাস করবে, উপার্জন করবে, পরিবার-পরিজনের দায়িত্ব পালন করবে, কিন্তু তার হৃদয় দুনিয়ার মোহে বন্দি হবে না।
সুরা হাদিদের এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে। কেবল থেকে যাবে আমাদের আমল। তাই দুনিয়ার ক্ষণিক আনন্দে বিভোর না হয়ে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার