ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

দেশজুড়ে প্রাণঘাতী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমার দিশানায়েকের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে গঠিত একটি বিশেষ ইউনিটে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্মকর্তারা অংশ নেবেন। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। বিবৃতিতে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনীর এ বিশেষ ইউনিট গঠনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে আইনি কড়াকড়ি বাড়ছে। যাদের বাড়ি বা প্রতিষ্ঠানের আঙ্গিনায় জমে থাকা পানি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করার জন্য আজ বুধবার দেশব্যাপী অভিযান শুরু করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য ভাইরাস আরও দ্রুত এবং বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ছে। সরকারের ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট আশঙ্কা প্রকাশ করে বলেছে, আক্রান্তের সংখ্যা আরও বাড়লে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো তা সামাল দিতে সক্ষম নাও হতে পারে।