ভিঠাবাই রূপে শ্রদ্ধা কাপুর

মঞ্চে তখন প্রসববেদনায় ছটফট করছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা এক শিল্পী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও পারফর্ম করা বন্ধ করেননি তিনি, সন্তান জন্ম দেওয়ার পরপরই ফিরে এসেছেন মঞ্চে। মারাঠি লোকসংগীত ‘লাবণী’ ও ‘তামাশা’র কিংবদন্তি শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনের এমনই এক শিউরে ওঠা সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘ইথা’। গত সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির রুদ্ধশ্বাস টিজার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। টিজারে তার দুর্দান্ত অভিনয় ও রূপান্তর ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে তাকে ‘তুফান’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ‘ছাভা’ খ্যাত পরিচালক লক্ষ্মণ উতেকর পরিচালিত এই সিনেমাটি শ্রদ্ধার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে। মারাঠি

সংস্কৃতির এক অবিসংবাদিত নারী শিল্পীর জীবনসংগ্রাম ও মঞ্চের প্রতি তার অবিশ্বাস্য দায়বদ্ধতার গল্প নিয়ে তৈরি ‘ইথা’ আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।