বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৬-২৮) নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততায় সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। তবে নির্বাচন না করলেও নিজের গড়া ‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে গত সোমবার (২২ জুন) এফডিসিতে আসেন এই অভিনেতা। বাপ্পারাজের আকস্মিক এই উপস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বাপ্পারাজ জানান, প্রার্থী না হলেও মুক্তির পাশে আছি। এই প্যানেলের সঙ্গে সবসময় থাকব।
বাপ্পারাজ সরে দাঁড়ানোয় তার পরিবর্তে সভাপতি পদে লড়ছেন সিনিয়র ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি ফেসবুক স্ট্যাটাসে বাপ্পারাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এবার নির্বাচনে দুটি প্যানেল আলোচনায় রয়েছে। আরেকটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু ও জয় চৌধুরী। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই।