এবারের আয়োজন আরও ব্যাপকভাবে করছি

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৩৮ এএম

আজ ও আগামীকাল ২৫ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ আয়োজন করছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। উৎসবে অর্ধশতাধিক শিল্পী ও গুণীজন অংশ নিচ্ছেন। বিশেষ এই আয়োজন নিয়ে কথা হয় জবির সংগীত বিভাগের চেয়ারম্যান, প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ড. অণিমা রায়ের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

পঞ্চম সংগীত উৎসবের বৈচিত্র্য ও প্রস্তুতি কেমন?

গত কয়েক মাস সহকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে এই উৎসবের কাজেই ডুবেছিলাম। এবারের আয়োজনটি আমরা আরও ব্যাপকভাবে করছি। উৎসবে গান, সংগীত নিয়ে আলোচনা আর গুণীজনদের মিলনমেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভেতর যে সৃজনশীল আত্মার বিকাশ ঘটে, সেটাই আমাদের বড় পাওয়া।

আয়োজন করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা ছিল ও সহযোগী কারা?

এখন বড় সাংস্কৃতিক উৎসব করতে প্রচুর খরচ হয়। পরিতাপের বিষয় হলো, আমরা করপোরেট কনসার্টে লাখ লাখ টাকা ওড়াতে পারি, কিন্তু শিক্ষার্থীদের এমন উৎসবের জন্য স্পন্সর পেতে বেগ পেতে হয়। তবুও সংস্কৃতি মন্ত্রণালয়, ইউনিভার্সেল মেডিকেল ও চ্যানেল আইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ তাদের সাপোর্টের জন্য।

নতুন গান নিয়ে কী ভাবছেন?

শ্রোতাদের অভিযোগ, অনেক দিন নতুন গান দিচ্ছি না। সম্প্রতি শ্রীলঙ্কায় ধারণকৃত কিছু মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। খুব দ্রুতই নতুন গানের রেকর্ডিং শুরু করব। ইচ্ছে আছে আগামী আগস্টে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার।

সম্প্রতি লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন, অনুভূতি কেমন?

বাংলা একাডেমি থেকে আমার গবেষণামূলক বই ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’ প্রকাশিত হয়েছে। কাজটি করতে গিয়ে দেখলাম, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ গ্রন্থই নেই। শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্বের অংশ। গান ও রবীন্দ্রনাথের পরিম-লে থেকেই আরও কিছু লেখার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত