ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে হামলায় প্রাণ গেল যুবকের

রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি রড তৈরির কারখানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ রসূলপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল মালেক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে রাসেল আর্জেন্টিনার একটি ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে মো. হানিফসহ (৩০) আরও দুই থেকে তিনজন ব্যক্তি তাকে রড ও কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলার একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে দেখতে পান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মাকসুদা বেগম অভিযোগ করে জানান, হানিফের সঙ্গে তার ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং নদীর পাড়ে ফেলে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।