হাসপাতালের অক্সিজেন লাইন লিকেজে শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:২০ এএম

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেনের লাইনে লিকেজ হওয়াতে চার মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে শ্যামলী এলাকায় ‘শ্যামলী বেবি কেয়ার’ নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করেন। তার অভিযোগ, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।

জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত চিকিৎসক বলেন, বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যখন কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়। এরপর জানতে পারি অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই আমরা বাচ্চাটাকে এইচডিইউতে নিয়ে যাই। সেখানে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিছু সময় পরে সে মারা যায়।

তিনি আরও বলেন, গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ছিল। তার অবস্থা বিকাল থেকেই খারাপ হচ্ছিল। অক্সিজেন লাইনে লিকেজের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত