চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ শিলছড়ি লেবু বাগান পাহাড়ি এলাকা থেকে দুই শ্রমিক্কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ জুন) সকালে বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে ৫-৮ জনের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে বলে জানা যায়।
অপহৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আরিফ (৪৮) ও ভেন্টু (৫০) । আবদুর রহিম নামে আরেকজন বাগানের মালিককেও অপহরণ করেছিল। বেঁধে রাখা অবস্থায় সে সুকৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। সে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত।
স্থানীয়দের অভিযোগ, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে বাগানের মালিকের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
পালিয়ে আসা বাগানের মালিক আবদুর রহিম জানান, অপহৃতদের মুক্তির জন্য আমাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে যাওয়া হলেও তাদের ছাড়েনি অপহরণকারীরা। তারা আরও টাকা দাবি করতেছে।
এ ঘটনায় পাহাড়ের আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, বিকালে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।