অভিযান

মুরাদনগরে অনুমোদনহীন আইসক্রিম কারখানা মালিককে জরিমানা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:১৩ এএম

কুমিল্লার মুরাদনগরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশনের পাশে অবস্থিত দয়াময় আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নকল মোড়ক ব্যবহার এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

এসব অপরাধে কারখানার মালিক হারুন রশীদ মোল্লার ছেলে ইমন ওরফে সম্রাটকে (২৫) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম বিনষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা আমিনুল ইসলাম, মুরাদনগর থানার এসআই সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত