তিন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তিন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যপর্বে বিল গেটস এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টিনের সঙ্গে বন্ধুত্বকে কেন্দ্র করে ১০ জুন ওভারসাইট কমিটিকে বিল গেটস এ জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার তার সে সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশ করেছে কমিটি।

মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে দেওয়া সাক্ষ্যের শুরুতে বিল গেটস দুই রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেন। তিনি তাদের নামও উল্লেখ করেন। তারা হলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা ও পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনা। কয়েক ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের সময় মার্কিন কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে গেটস পরে আরেক নারী বিজ্ঞানীর সঙ্গে তৃতীয় একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে স্বীকার করেন।

জবানবন্দিতে গেটস বরাবরের মতো আবারও দাবি করেছেন, তিনি কখনোই এপস্টিনের কোনো নিপীড়নের ঘটনা দেখেননি। তবে এপস্টিনের সঙ্গে সাক্ষাৎকালে অজান্তে ভুক্তভোগীদের কাছাকাছি গিয়ে থাকতে পারেন। কারণ, এপস্টিনের প্রতিষ্ঠানে কর্মরত কিছু নারী ও কিশোরী পরবর্তী সময় তার নির্যাতনের শিকার হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

এপস্টিনের সঙ্গে সময় কাটানোটা ‘ভুল ছিল’ বলেও উল্লেখ করেন গেটস। জনহিতকর কাজের জন্য পরিচিত বিল গেটস ফেব্রুয়ারিতে তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে স্বীকার করেছিলেন, তার দুটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পরে এপস্টিনও সেগুলোর কথা জেনে গিয়েছিলেন, তবে গেটস তখন এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।