নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

গণঅভ্যুত্থানের সময় হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার (ফারহান ফাইয়াজ) বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। সাক্ষীর জবানবন্দি শেষে তাকে জেরা করে আসামিপক্ষ।

এর আগে গত ১৫ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। গত ১৫ জুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

আসামিদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে কলেজ শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগ আনা হয়েছে। নানক, তাপসসহ ২৪ জন আসামি মামলার শুরু থেকেই পলাতক। নানক-তাপস ছাড়াও পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ার্দার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

কারাগারে থাকা চার আসামি হলেন আনসার সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, একই থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সাজ্জাদ হোসেন ও যুবলীগ কর্মী কে এম ফজলে রাব্বী। গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগ আমলে নেয়। পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়।