হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানচালক কাউছার মিয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত কাউছার মিয়া (৩২) নরসিংদীর বেলাবোর ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানচালক কাউছার মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া পিকআপ ভ্যানচালকের সহকারি, অটোচালক ও ট্রাক চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।