দুর্বৃত্তের বিষে নীল কৃষকের পানের বরজ!

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামে নুরুল ইসলাম নামে এক কৃষকের পানের বরজে ঘাস মারার ওষুধ (বিষ) প্রয়োগ করে পান গাছ নষ্টের অভিযোগ উঠেছে। এতে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।

‎ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবনগর গ্রামের মৃত মারফত আলীর ছেলে নুরুল ইসলাম বাড়ির উত্তর পাশের প্রায় ১৬ শতাংশ জমিতে গড়ে তোলেন। বরজটিই ছিল তার পরিবারের প্রধান আয়ের উৎস। এই পানের বরজ ক্ষতি হওয়ায় দিশেহারা তার পরিবার।

‎বৃহস্পতিবার (২৫ জুন) সরেজমিন পরিদর্শনে গেলে ভোক্তভোগী কৃষক ‎নুরুল ইসলামের অভিযোগ করে বলেন, গত ১৬ জুন পর্যন্ত তার বরজের পানের গাছগুলো সম্পূর্ণ সুস্থ ও সবুজ ছিল। তবে ২০ জুন সকালে বরজে গিয়ে তিনি দেখতে পান, অজ্ঞাত ব্যক্তিরা বিষাক্ত কীটনাশক বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করায় অধিকাংশ গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই গাছ গুলো নিস্তেজ হয়ে পড়ে এবং  পুরো বরজের সব চারা মারা যায়।

‎নুরুল ইসলাম আরও বলেন, বহু বছরের পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে বরজটি গড়ে তুলেছিলাম। হঠাৎ করে কে বা কারা শত্রুতাবশত বিষ প্রয়োগ করে আমার ব্যাপক ক্ষতি করেছে। এখন আমি চরম আর্থিক সংকটে পড়েছি।

‎ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত বরজ পরিদর্শন করেন। তাদের অনেকের ধারণা, এটি পরিকল্পিতভাবে সংঘটিত নাশকতামূলক ঘটনা হতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

‎‎ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পাশাপাশি ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, কৃষকের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

‎এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।