৫১ মিলিমিটার বৃষ্টিতেও কাতালগঞ্জে জলাবদ্ধতা হয়নি

আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:১৩ পিএম

চট্টগ্রাম মহানগরের কাতালগঞ্জ এলাকায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তিনটি পাম্পের মাধ্যমে পানি দ্রুত সরিয়ে নেওয়ায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বৃষ্টির সময় এলাকাটিতে পানি জমতে দেখা যায়নি। অথচ আগে সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জলাবদ্ধতা দেখা দিত।

আবহাওয়া অফিসের আমবাগান কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মহসিনুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, “কাতালগঞ্জের এই অংশে বৃষ্টি হলেই পানি উঠে যেত। প্রাথমিকভাবে আমরা সিটি করপোরেশনকে সড়ক উঁচু করার পরামর্শ দিয়েছিলাম, তারা কিছু অংশ উঁচুও করেছে।”

শুধু সড়ক উঁচু করার কারণেই পানি জমেনি কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে একাধিক বিষয় কাজ করেছে। সড়ক উঁচু করার পাশাপাশি খালের পানি যাতে নির্বিঘ্নে প্রবাহিত হতে পারে, সে জন্য আমরা তিনটি পাম্প বসিয়েছি। খালের একটি অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে পানি উল্টো দিকে ফিরে না আসে। পাম্পের মাধ্যমে পানি দ্রুত সরিয়ে নেওয়ায় খাল উপচে পড়েনি এবং সড়কেও পানি ওঠেনি।”

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষে সিটি করপোরেশন আরও বড় পরিসরে কাজ করবে। তবে আপাতত জলাবদ্ধতা ঠেকাতে সেনাবাহিনীর সদস্যরা রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত স্ট্যান্ডবাই ছিলেন। কোথাও পানি চলাচলে বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে তা অপসারণ করা হয়েছে।

এর আগে চলতি শুষ্ক মৌসুম ও প্রাক-বর্ষা সময়েও কাতালগঞ্জ এলাকায় সড়কে পানি জমার ঘটনা ঘটেছে। একসময় নগরের প্রবর্তক মোড়ে পানি উঠলেও বর্তমানে কাতালগঞ্জ বেশি জলাবদ্ধতার শিকার হচ্ছিল। তবে সর্বশেষ বৃষ্টিতে পরিস্থিতির ব্যতিক্রম দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত