ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:২২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ভুলবশত অন্য মোবাইল ফোন নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে মাধবপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার মাধবপুর বাজারের বাঁশবাজার এলাকার ভ্যানচালক ওমর আলী গত ১০ জুন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে একটি নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে বিভিন্নভাবে যোগাযোগ করে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন।

একপর্যায়ে বিষয়টি সাংবাদিক আলমগীর কবিরকে অবহিত করলে তিনি ওমর আলীকে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ওসি মো. সোহেল রানা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন। পুলিশের অনুসন্ধান ও প্রচেষ্টার ফলে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে ওমর আলীকে থানায় ডেকে ওসি মো. সোহেল রানার উপস্থিতিতে উদ্ধারকৃত টাকা বুঝিয়ে দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে ওমর আলী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ওসি মো. সোহেল রানার আন্তরিক সহযোগিতা ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ বিষয়ে ওসি মো. সোহেল রানা বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত