কুবার্সির স্বপ্ন 'মেসির বিপক্ষে ফাইনাল খেলা'

কাতালুনিয়ার জিরোনা প্রদেশের এস্তানিওল নামের একটি ছোট্ট গ্রামে পাউ কুবার্সির জন্ম ও বেড়ে ওঠা, যেখানে সবসময় জড়িয়ে ছিল লিওনেল মেসির গৌরবময় অধ্যায়। ২০১৮ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাবের একাডেমিতে যোগ দেন এবং খুব কাছ থেকে লিওকে দেখার সুযোগ পান। লিও মেসি যেমন অসংখ্য তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছেন, তেমনি কুবার্সির মনেও গভীর দাগ কেটেছিলেন।

বার্সেলোনার হয়ে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার একটি দারুণ নিয়মিত মৌসুম কাটানোর পর, কুবার্সি এখন স্পেন জাতীয় দলের অন্যতম প্রধান ডিফেন্ডার। সম্প্রতি তিনি নিজের একটি বড় ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

স্প্যানিশ দৈনিক 'স্পোর্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, "মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলা কি আপনার জন্য একটি স্বপ্ন? জবাবে এই তরুণ ডিফেন্ডার কোনো দ্বিধা ছাড়াই বলেন, "এটি অবশ্যই একটি স্বপ্ন হবে। তবে সবচেয়ে বড় কথা, এর মানে দাঁড়াবে আমি বিশ্বকাপের ফাইনালে খেলছি এবং এটি জেতার একটি সুযোগ। আর ম্যাচটি যদি মেসির বিপক্ষে হয়, তবে সেটি হবে শৈশব থেকে দেখে আসা এক স্বপ্নের সত্যি হওয়া।"

স্পেন যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে (গ্রুপের শেষ ম্যাচে তারা টেবিলের শীর্ষে থেকে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে), তবে কেবল ফাইনালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়া সম্ভব। তবে ইউরোপীয় এই পরাশক্তি যদি কোনো কারণে গ্রুপে রানার্স-আপ হয়, তবে শেষ ৩২-এর (রাউন্ড অব থার্টি-টু) লড়াইয়েই মেসির মুখোমুখি হতে হবে কুবার্সিকে।

কুবার্সি অকপটে স্বীকার করেছেন যে মেসিই তাঁর একমাত্র আদর্শ: "আমাদের পুরো পরিবার সবসময় বার্সেলোনার সমর্থক। ছোটবেলা থেকেই মেসি আমাদের একমাত্র আদর্শ ও অনুপ্রেরণা। তাঁর সাথে দেখা করার জন্য আমি ভীষণ উদগ্রীব হয়ে আছি।"

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে কুবার্সি যখন বার্সেলোনার মূল দলের সাথে প্রথম অনুশীলনে যোগ দেন (তখন কোচ ছিলেন জাভি হার্নান্দেস), তার প্রায় দুই বছর আগেই মেসি বার্সা ছেড়ে চলে গিয়েছিলেন।