জারিফ আলম

বিষাদ বাদলে

 

অনেক কথায় অঝোরে আবার

ভরে যাবে জানি কবিতার খাতা

কথা ছিল বেশ নিকটে পাবার

বন্ধ হয়েছে কারও আড়িপাতা।

 

বিষাদ বাদলে হাজির তুমিও

হয়নি কেবল খসড়ায় ফেরা

মেঘবতী দিনে উর্বর ভূমি

জানিয়েছে নীল বিহঙ্গেরাও।

 

চলেছে কোথায় আজ মেঘদূত

কার কাছে নিয়ে যাবে ফরমান

কত কথা-ই তো রেখেছি মজুদ

হাওয়ার বুকে বিষাদের গান।

 

কিছুটা নীরবে জেগে ওঠে মনে

বেঁচে থাকা যেন কত স্বাভাবিক

ফিরে ফিরে আসি মায়ার শাসনে

যতই শোনাও—আমি যান্ত্রিক!