পাথরের চোখ
বহুদিন পরে পাথরের চোখ দুটোতে
অকস্মাৎ আষাঢ়ের মেঘ জমেছে,
প্রাচীন অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে—
উঠতে চায় বৃষ্টির আভাস পেয়ে।
বিরহের প্রহরগুলো শামুকের মতো গুটিয়ে—
বেশ তো কাটছিল সময়...
কেন জানি আজ ঝরনার মতো খুব... খুব
কাঁদতে ইচ্ছে করছে অঝোরে।
কিন্তু আমার তো ভরসার পাহাড় নেই
ঝরনার মতো কী করে কাঁদতে পারি?
পাথর চোখ দুটো বড্ড ক্লান্ত,
তাই মনটা খুঁজছে বিশ্বাসী কাঁধ
যার কাঁধে মাথা রেখে নীরবে আষাঢ়ে
বৃষ্টির মতো অঝোরে কাঁদতে পারি।