দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুকুরের পানিতে ডুবে রোহান বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার বৈগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোহান বাবু বৈগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মুদি ব্যবসায়ী হারুনের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল রোহান। এ সময় গ্রামের এক ব্যক্তি একটি মহিষ গোসল করাতে পাশের পুকুরে নিয়ে যাচ্ছিলেন। সবার অজান্তে রোহানও মহিষটির পেছন পেছন পুকুরের দিকে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের সন্দেহ হলে গ্রামের ওই পুকুরে তল্লাশি চালানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুর থেকে রোহানকে উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের বৈগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বকুল হোসেন পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।