শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে আটক করবে পুলিশ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে আটক করবে পুলিশ। তিনি বলেছেন আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কেন্দ্রপ্রধান সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করবেন।

তিনি বলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের  শিক্ষকতার কোন অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে।  শুক্রবার (২৬ জুন) বেলা ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত