পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুই পৃথক অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়। খবর: দ্য ডন
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুই অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে।
পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
আইএসপিআর জানায়, ২৫ জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির চলাচলের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়।
এ ছাড়া গত ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অভিযান পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।