কয়েকদিন ধরে তৈরি হওয়া গুঞ্জনই সত্যি হতে চলছে, বিয়ের ৬ মাসের মাথাতেই 'অন্তঃসত্ত্বা' দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার দরুণ মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন সামান্থা। তিনি বলেন, আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিছু দিনের বিরতি নেওয়া জরুরি। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপর আমি আবার আমার ভক্ত-অনুরাগীদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।
সামান্থা যখন এই সুখবরটি দিচ্ছিলেন, তখন তার পাশেই বসেছিলেন স্বামী তথা বলিউডের প্রখ্যাত পরিচালক রাজ নিডিমোরু এবং তার মুখেও ছিল চওড়া হাসি। উপস্থিত সবাই এই দম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। বেশ কিছু দিন আগে ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সামান্থা। দেখা যায়, তার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। সেখানে অভিনেত্রীর স্ফীতোদরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।
নেটিজেনদের একাংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সামান্থাকে। নেটিজেনদের দাবি সামান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। এক নেটিজেন লিখেন আমি খুশিতে কাঁদছি। আরেক নেটিজেন লিখেছেন সামান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক।