পবিত্র আশুরা পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় গত শুক্রবার সারা দেশে পালিত হলো পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাজিয়া মিছিল, ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করে। মহররমে শোকের আবহে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো মানুষ। গত শুক্রবার সকাল ১০টায় রাজধানীর হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ কালো পোশাক পরে খালি পায়ে, বুক চাপড়ে তাজিয়া মিছিলে অংশ নেন। বুকের ওপর ডান হাত রেখে তারা ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ বলে মাতম করেন। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়াসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। তাজিয়া মিছিলটি হোসেনি দালানের উত্তর গেট দিয়ে বের হয়ে বকশীবাজার লেন, সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা হয়ে ধানম-ি লেকে যায়। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আশুরা উপলক্ষে ঢাকায় আরও প্রায় ৩০টি ইমামবাড়ায় নিজস্ব কর্মসূচি পালিত হয়। বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া, মগবাজার ইমামবাড়ায় পৃথক তাজিয়া মিছিল ও মজলিশের আয়োজন করে। মহররমের মিছিল সম্পন্ন করতে সারা দেশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। প্রধান ইমামবাড়াগুলো সিসি ক্যামেরার আওতায় নজরদারি করা হয়।