ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, গত শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তিসংলগ্ন ভিয়া মন্তিলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহকর্তা কামাল উদ্দিন (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে অ্যালিসিয়া। এ ঘটনায় পরিবারের বড় ছেলে অয়নকে আহত অবস্থায় পলিক্লিনিকো জেমেলি হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে একাধিক আঘাত থাকলেও প্রাণশঙ্কা নেই বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে ইতালি পুলিশ। তারা কয়েকটি ক্লুও পেয়েছে এবং এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে। নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন।
ঘটনার তদন্ত করছে রোম পুলিশ সদর দপ্তরের মোবাইল স্কোয়াডের হোমিসাইড শাখা। তদন্তকারীরা পরিবারের পরিচিতজনদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। প্রতিবেশী, স্বজন ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ এবং নিহতদের মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, নিহতরা হয়তো নিজেরাই ঘাতককে বাসায় প্রবেশ করতে দিয়েছিলেন। ঘটনাস্থলে ফরেনসিক তদন্তে দেওয়ালে রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেছে।
পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী এক বাংলাদেশিকে খুঁজছে, যিনি নিহতদের স্বদেশি এবং পরিবারের বন্ধু বলে জানিয়েছেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, তিনি ধারালো চাপাতি দিয়ে তিনজনকে হত্যার পর পালিয়ে যান। সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় একটি সুপার মার্কেটে কাজ করেন। একই সুপার মার্কেট চেইনে কর্মরত রয়েছেন হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া ১৮ বছর বয়সী ছেলেও। তবে তিনজনকে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক বিরোধের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।