আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ রবিবার (২৮ জুন) নারায়ণগঞ্জ জেলার কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বা সাময়িক সরবরাহ বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।