নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার নির্মম ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মামুন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহিনারা বেগম (৫২)। তিনি সদর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
এর আগে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে। পরে তাকে দণ্ডবিধির ৪২৯/৩৪ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ওসি এ আর মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতুর ওপর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটি প্রকাশ পেলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরে পুলিশ অভিযান শুরু করে।
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক