বাসায় লুটপাটের অভিযোগে মারধর যুবকের মৃত্যু

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাসায় দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে লুটপাটের অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে আহত যুবক জাহিদের (৩৮) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে তিনি মারা যান।

গত শনিবার বিকেলে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানা যায়, নিহত জাহিদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামে। তার বাবার নাম জয়নাল হাজী।

গতকাল রবিবার আদাবর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার জানান, শনিবার দুপুর ১২টার দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পের ফার্ম গলিতে খোরশেদ নামে এক ব্যক্তির বাসায় দুটি চাপাতি নিয়ে ঢোকেন জাহিদ। এ সময় তিনি ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কুপিয়ে ভাঙচুর করেন এবং খোরশেদকে অস্ত্রের মুখে তাড়া করেন। পরে ঘর থেকে ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জাহিদকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে আদাবর থানার একটি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে আদালতের হাজতখানায় নেওয়ার আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।