পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

বাহিনীর হাত বিস্তৃত আইনের ঊর্ধ্বে কেউ নয় : র‌্যাব

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৮:০৪ এএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত অনেক বিস্তৃত। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলে মন্তব্য করেছেন র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করার পর এ মন্তব্য করেছেন র‌্যাব কর্মকর্তা।

গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অধিনায়ক নয়মুল হাসান বলেন, মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পাটালি গ্রুপ সক্রিয়। গত বছরের ৫ আগস্টের পর রায়েরবাজারে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রুপটি আলোচনায় আসে।

র‌্যাব জানায়, ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাটালি গ্রুপের সদস্য খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে শামীম পাটালিকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে চাঁদ উদ্যান থেকে শাকিউল করিম ও আরিফকে চাপাতিসহ এবং বাবর রোড এলাকা থেকে হৃদয় ও নয়নকে আরেকটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। এর আগে ২৪ জুন রায়েরবাজার এলাকা থেকে গ্রুপটির আরও দুই সদস্য জুয়েল ও শাকিলকে একটি তরবারিসহ গ্রেপ্তার করেছিল র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত