রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত শুক্রবার ১৪তলা ভবনের রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানে তিনি একাই থাকতেন। পুলিশের ধারণা, স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে রাজধানীতে পর পর নিঃসঙ্গ মানুষের কয়েকটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক বন্ধন ক্রমশ আলগা হয়ে পড়ছে। তারা বলছেন, একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবার এবং পরে তা বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হচ্ছে, যা মানসিক স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার জন্য বড় সংকট হয়ে উঠছে বলেও তারা মনে করছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ওই ফ্ল্যাটে ফারাহ ফেরদৌস একাই বসবাস করতেন। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘গত ২৩ জুন দুপুরে ছোট বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল তার। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। গত শুক্রবার বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ফারাহর ছোট বোন নজুলা ফেরদৌসকে সঙ্গে নিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে।’