ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মাসুক মিয়া (১৮) ও একই এলাকার আরমান মিয়া (১৭)।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকা থেকে ইট নিয়ে আসার সময় মান্দারপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। চালক ও তার সহকারী আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে।