দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে হিজবুল্লাহর ব্যবহৃত প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। রবিবার (২৮ জুন) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
ইসরায়েলের দাবি, টানেলটিতে শত শত অস্ত্র ও রকেট লঞ্চার মজুত ছিল। হামলার আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানানো হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের দুই দিনের মাথায় এ হামলা চালানো হলো। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা রয়েছে। তবে আপাতত সম্প্রসারিত নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থান করবে।
এদিকে হিজবুল্লাহ হামলাকে যুদ্ধবিরতির 'স্পষ্ট লঙ্ঘন' বলে অভিযোগ করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশ ও জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম নিরাপত্তা চুক্তিকে 'ইসরায়েলের কাছে আত্মসমর্পণ' আখ্যা দিয়ে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান বজায় রাখবে এবং হুমকি মোকাবিলায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংসের অভিযান চালিয়ে যাবে। সংঘাতের কারণে এ পর্যন্ত ১০ লাখের বেশি লেবাননি বাস্তুচ্যুত হয়েছেন।